শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বন্যায় এক বৃদ্ধসহ তিন ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে নিখোঁজের পর শনিবার সকাল ৬টার দিকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বন্যার পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রী আবু কালাম (৩৩)।
বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত কিশোরের নাম শিপন মিয়া। সে নালিতাবাড়ীর নন্নী বন্দ ভাটপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে এবং স্থানীয় মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল বলে স্থানীয়রা জানান।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ বলেন, শুক্রবার বিকেল থেকে তারা ঢলের পানির তোড়ে ভেসে গিয়ে ২ জন নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকাল ৬টার দিকে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।’
অন্যদিকে, ঘরে পানি ওঠায় বাইরে থেকে ঘরে ফেরার পর অসাবধানতাবশত বিদ্যুতের তার ছিড়ে শুক্রবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নালিতাবাড়ীর নন্নী বন্দ ভাটপাড়া এলাকার এক কিশোর নিহত হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
