ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। ২৭ বছরের সংসার তাদের। ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন তারা। তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের পাঁচ মাস পর ২ আগস্ট বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন দুজন। এই ২৭টি বছর মান অভিমান হলেও বেশ সুখেই সংসার করে আসছিলেন। শোবিজে আদর্শ দম্পতি হিসেবেই পরিচিতি তাদের।
অথচ ২৭ বছরে এসে সেই সানী-মৌসুমীর সংসারে নামল দুর্যোগের ঘনঘটা। চিত্রনায়ক জায়েদ খানের কারণে সেই সুখের সংসারকে কাঠগড়ায় দাঁড় করায় দর্শকরা। দীর্ঘ দিনের পারিবারিক ইমেজ নেমে এলো তলানীতে। তাই গুঞ্জন শুরু হয় ভেঙে যাচ্ছে সানী-মৌসুমীর ২৭ বছরের সংসার। কিন্তু সেটা আপাতত গুঞ্জন হয়েই রইল।
অবশেষে মৌসুমী-ওমর সানীর মধ্যে দূরত্ব কমেছে। খেতে বসলেন এক টেবিলে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ওমর সানী নিজেই একটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, মৌসুমী ও তার মধ্যকার দূরত্ব দূর হয়েছে। খেতে বসেছেন এক টেবিলে।
ওমর সানী একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে মৌসুমী এবং ওমর সানী এক টেবিলে খেতে বসেছেন। ছবিটির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। ’
এছাড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে, ছেলে ফারদীন খাবার টেবিলে মজা করছে। বাকিরা হাসছেন, মৌসুমী হেসে কুটি কুটি হচ্ছেন।
শুক্রবার ভিডিওটি শেয়ার করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি মৌসুমী-ওমর সানীর পরিবারের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।
ফেসবুকে ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, ‘জীবন সিনেমার পর্দা নয়, যা তিন ঘণ্টায় শেষ হয়ে যায়। জীবন যদি গল্পনির্ভর সিনেমা হতো, তবে এমনভাবে সাজিয়ে নেওয়া যেত যে, আমরা কেউ মানুষ নই-মহামানব হয়ে যেতাম। এই সোনালি পর্দার মানুষগুলো রক্তে-মাংসে গড়া, আপনার-আমার মতো তাদেরও ব্যক্তিজীবনে রাগ, অভিমান আছে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ’
মুন্নী বলেন, ‘অথচ সেই ছোট ভুলগুলোকে এত বড় ভুলে রূপান্তরিত করা অন্যায়। মৌসুমী-ওমর সানী বা তাঁর পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের আঁচ হয়তো আন্দাজ করা মুশকিল। তবে বিশ্বাস করুন, আপনাদের ভালোবাসার মৌসুমী ওমর সানী ভালো থাকতে চায় – আপনাদের ভালোবাসে- আপনাদের অনুভূতি জাগানো এ মানুষগুলো আপনাদের ভালোবাসার জায়গায় বাঁচতে চায়। ’
কণ্ঠশিল্পী আরো বলেন, ‘ওরা ভালো আছে- ভালো থাকতে চায়- এভাবেই হাসতে চায়। আপনারা শুধু ওদের এবং ওদের পরিবারের জন্য দোয়া করবেন।’
