আমার প্রেমে পড়ার সুযোগই হয়নি: বুবলী

সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমা নিয়ে হাজির হয়েছেন বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। ‘তালাশ’ সিনেমাটি আজ শুক্রবার (১৭ জুন) দেশের ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

‘তালাশ’ সিনেমা নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি, দর্শকরা নিরাশ হবেন না। সব ধরণের উপাদান আপনারা ‘তালাশ’-এ পাবেন। অনেকদিন পর প্রিয় মানুষদের একসঙ্গে পেয়ে বেশ ভালো লাগছে।

‘তালাশ’ দেখতে দর্শক কেন হলে যাবে? জানতে চাইলে নায়িকা বলেন, কারণ এটি সমসাময়িক গল্পের সিনেমা, সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন—তাদের সিনেমা। সিনেমার নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি।

আর কোনো কারণ? বুবলী বলেন, যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্যই এই সিনেমা। প্রেমে নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘তালাশ’। সিনেমাটি দেখতে বিরক্তি আসবে না, এইটুকু বলতে পারি।

প্রেমের গল্পের সিনেমা দর্শক পর্দায় দেখবেন। আপনার নিজের জীবনের প্রেমের কী অবস্থা?, বুবলী বললেন, আমার তো ব্যক্তি জীবনে প্রেমে পড়ার সুযোগ হয়নি। প্রথম জীবনে পড়াশোনা নিয়ে ব্যস্ততা, তারপর সিনেমার ঢুকে পড়া। দর্শকের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি এখন। তবে আমার বিশ্বাস, ভালোবাসায় সততা থাকা প্রয়োজন।

আপনার বিপরীতে নবাগত নায়ক। কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন? বুবলী বলেন, সিনেমার গল্প ও চরিত্রগুলো শক্তিশালী হলে কোনো ধরনের চ্যালেঞ্জ থাকে না। পরিচালক সৈকত নাসির খুব ভালোবাসা দিয়ে সিনেমাটি তৈরি করেছেন। আদর আজাদ খুব মন দিয়ে অভিনয় করেছেন। এরই মধ্যে ট্রেলারে তার সুমন চরিত্রটি দর্শকের পছন্দ হয়েছে।

এদিকে ক্যারিয়ারে এখন বেশ সুসময় যাচ্ছে বুবলীর। এ মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যে কয়জন নায়িকার হাতে নতুন কাজ রয়েছে, তার মধ্যে শীর্ষস্থানে আছেন তিনি। সম্প্রতি মাহফুজ আহমেদের সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর ‘প্রহলিকা’ নামের একটি সিনেমায়।

এ ছাড়া বর্তমানে তিনি শুটিং করছেন জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া’ নামের আরেকটি সিনেমায়। এ ছাড়া কিছুদিন আগে ইব্রাহিম খলিল মিশুর পরিচালনায় ‘দেয়ালের দেশ’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *