গেল কয়েকদিন থেকে বেশ উত্তাল সিনেমাপাড়া। এ উত্তালের পেছনের ঘটনায় মৌসুমী-জায়েদ ও সানী ইস্যু। গত ১৩ জুন সানীর অভিযোগের বিপক্ষে গিয়ে মৌসুমী সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন। সেখানে স্বামী ওমর সানীর সকল অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। সংবাদমাধ্যমে অডিওবার্তা দেওয়ার পর ওই ইস্যু নিয়ে আর কোনও কথা বলেননি মৌসুমী।
এদিকে, সোমবার (১৬ জুন) ব্যক্তিগত ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেন মৌসুমী। ছবির ক্যাপশনে মৌসুমী লেখেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে স্বপ্ন ছুঁয়ে দেয়া।’
মৌসুমীর ওই পোস্টে নানা মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকে ছবির মন্তব্যের ঘরে লিখছেন, আপা নতুন জীবনে স্বাগতম। কেউ লিখেছেন, ঘরের কথা পরকে জানানো ঠিক নয়। আবার কেউ লিখেছেন, মর্যাদা রক্ষা করুন, নষ্ট লোককে ত্যাগ করুন। এরকম অসংখ্য মন্তব্যে ভরিয়ে যাচ্ছে মৌসুমীর ওই পোস্টে।
ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবেই ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।
দিন কয়েক আগে মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
তবে অভিযোগের বিষয়টি পুরোটা অস্বীকার করে জায়েদ বলেন, এটা মিথ্যা খবর। এর দুই দিনের ব্যবধানে সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন মৌসুমী। তাতে জায়েদ খানের কোনো দোষ নেই বলে উল্লেখ করেন।
স্বামী ওমর সানীকে ‘ভাই’ সম্বোধন করে মৌসুমী বলেন, “এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।”
