৬৫ লাখ টাকা অনুদান পেয়ে যা বললেন শাকিব খান

২০২১-২২ অর্থবছরে চলচ্চিত্রে সরকারি অনুদান ঘোষণা করা হয়েছে। ১৯টি সিনেমাকে দেয়া হয়েছে অনুদান। যার মধ্যে প্রযোজক হিসেবে শাকিব খানের সিনেমা মায়া রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

তবে অনুদানের যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, তা দিয়ে পুরো ছবি বানানো সম্ভব নয়, সে কথা জানালেন দেশসেরা নায়ক শাকিব খান। তাঁর প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার ‘মায়া’ চলচ্চিত্রের জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে শাকিব খান বলেন, ‘যারা ভালো সিনেমা বানায়, বড় বাজেটের সিনেমা বানায়, নিয়মিত সিনেমা বানায়, তাদের নিয়মিত অনুদান দেওয়া উচিত। একই সঙ্গে মূলধারার বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে অনুদানের অর্থের বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়া উচিত। এত অল্প টাকায় তো এখন সিনেমা বানানো সম্ভব নয়। তারপরও সরকার যে পৃষ্ঠপোষকতা করছে, এটা ইতিবাচক। এটা একরকম সিনেমার পাশে দাঁড়ানো।’

মায়া প্রসঙ্গে বলতে গিয়ে শাকিব বলেন, ‘এই ছবির ক্ষেত্রে বাজেট বেশি; কারণ, আমার এই ছবির গল্পটাই অন্য রকম। অনেক বড় পরিকল্পনার ছবি। টেকনোলজির দিক থেকে সময়োপযোগী ও আয়োজনের দিক থেকে বিশাল। সিনেমা বড় বাজেটের হবে, এটা নিশ্চিত।’

উল্লেখ্য, শাকিব খান গত বছরের নভেম্বর থেকে আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করছেন। দেশটির নাগরিকত্বের আবেদন করেছেন। নিউ ইয়র্কে থেকে তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *