জায়েদ খান ও ওমর সানী ইস্যুতে প্রশ্নবাণে জর্জরিত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা চলমান এই ইস্যু নিয়ে প্রশ্ন করলে এই অভিনেতা এড়িয়ে যান।
বলেন, ‘আমি এই ফাঁদে পা দেব না।’ তবে সরাসরি না বললেও জায়েদ, ওমর সানী বা চলচ্চিত্রসংশ্লিষ্ট যারা বিতর্কে জড়িয়েছেন তাদের অনুরোধ জানিয়েছেন রাগ, গোসসা দূর করার জন্য।
ইলিয়াস কাঞ্চন জানান, ‘আমি ওই ব্যাপারটিকে ফোকাসে আনতে চাচ্ছি না। আপনারা দেখেছেন, আমি সব সময় পজিটিভ কথা বলছি। পজিটিভ কাজ করছি। আমাকে যখনই কোনো সিনেমার প্রমোশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, শত ব্যস্ততার মধ্যেও আমি যাচ্ছি। ওই একটা সিনেমার সঙ্গেও কিন্তু আমি যুক্ত নই। তবুও আমি সিনেমাগুলোর পেট্রোনাইজ করছি। আমি চলচ্চিত্রের উন্নয়নের জন্য কথা বলছি। তারা আমাকে দেখে শিখুক। পজিটিভলি চলুক।’
তিনি আরও বলেন, ‘কেউ যখন চলচ্চিত্রকে ভালোবাসবে তখন সে ব্যক্তিগত রাগ-গোসসা দমন করার চেষ্টা করবে। আমার কি রাগ-গোসসা নেই? আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না। কারও সম্পর্কে বাজে কথা বলছি না। আমি শিল্পী সমিতিকে নেতৃত্ব দিচ্ছি। এখন আমি যদি একটা বাজে কাজ করি, তাহলে সেটি যেভাবে প্রচারিত হবে, তা চলচ্চিত্রের জন্য ক্ষতি। ’
চলচ্চিত্রের মানুষদের প্রতি আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে আমি প্রশ্নবাণে জর্জরিত হই। আপনাদের চলাফেরা, কথাবার্তা, আচার-আচরণে সংযত হবেন।’
