২৪ ঘণ্টার মধ্যে ফ্রান্স দূতাবাস বন্ধের দাবি হেফাজতের

নজর২৪, ঢাকা- মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন।

 

এর আগে, হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে এলে আইনশৃঙ্খলাবাহিনী বাধা দেয়। তবে মিছিলের অগ্রভাগে থাকা হেফাজত কর্মীরা পুলিশি ব্যারিকেড হটিয়ে মৌচাকের দিকে এগিয়ে যান। পরবর্তীতে হেফাজতের কেন্দ্রীয় নেতারা মাইকে নেতাকর্মীদের মিছিল নিয়ে শান্তিনগর মোড় পার না হওয়ার নির্দেশ দিলে তারা ফিরে আসেন।

 

সমাবেশে বাবুনগরী বলেন, ‘আমরা চাই আমাদের সরকার আরও ১০০ বছর থাকুক। কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে। সাংবাদিক, গোয়েন্দা বাহিনীর প্রতি শুকরিয়া আদায় করছি। আপনাদের কথা রক্ষা করে এখানেই থেমে গেলাম। প্রয়োজনে আগামী কর্মসূচিতে এখানে থামবো না। ফ্রান্সের দূতাবাসকে টুকরো টুকরো করিয়ে ছাড়বো, ইনশাল্লাহ।’

 

তিনি বলেন, ‘ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। আমরা মাঠে নেমে গেছি। হেফাজতে ইসলামের আরও দাবি আছে, সেগুলো পূরণ করতে হবে।’

 

হেফাজতে পরবর্তী কর্মসূচি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানান বাবুনগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *