বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী শিল্পা শেঠি। ছিল তার ৪৭তম জন্মদিন। সংখ্যায় তার বয়স বাড়লেও এখনো প্রাণশক্তিতে ভরপুর এই অভিনেত্রী। তার ভাষায়—‘আমার কাছে বয়স শুধুই একটি সংখ্যা।’
দিনভর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভেসেছেন তিনি। বিশেষ এই দিনে বিশেষ একটি উপহার পেয়েছেন; যা নিজেই নিজেকে দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু কী উপহার পেলেন পর্দার এই ‘সুপারওম্যান’?
একটি সূত্র পিংকভিলাকে বলেন, ‘নিজেকে নিজেই নতুন একটি ভ্যানিটি ভ্যান উপহার দিয়েছেন শিল্পা শেঠি। এতে রয়েছে রান্নাঘর, হেয়ার ওয়াশ স্টেশন, ইয়োগা ডেক। শিল্পার কাছে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন ভ্রমণ করবেন তখনো যাতে ভ্যানিটি ভ্যানে ইয়োগা করতে পারেন তাই এই ব্যবস্থা রেখেছেন শিল্পা।’
বিলাসবহুল এই ভ্যানিটি ভ্যানের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। কালো রঙের এই ভ্যানের ভেতরের ঝকঝকে রান্নাঘর, ইয়োগা ডেক দেখে যে কারো নজর আটকে যাবে।
বেশ কয়েক বছর পরে বলিউডে ফিরছেন। এই মুহূর্তে শিল্পা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘নিকম্মা’ নিয়ে। ঝুলিতে রয়েছে আরও একগুচ্ছ ছবি। অমিত সাধের সঙ্গে ‘সুখী’ ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এ ছাড়া, রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর হাত ধরে ওয়েব প্ল্যাটফর্মেও অভিষেক ঘটতে চলেছে শিল্পার।
