বাংলা নাটকের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ইতোমধ্যে অভিনয়ের পাশাপাশি নাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। সেই সঙ্গে প্রযোজক হিসেবেও রয়েছে তার নাম। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। এদিকে টেলিভিশন নাটকের পাশাপাশি এখন নিয়মিত ওটিটি প্লাটফর্মেও দুর্দান্ত অভিনয় করে চলেছেন।

তার এই দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ারে আরও নতুন একটি রেকর্ড করলেন তিনি। বাংলা নাটকের ইতিহাসে প্রথম অভিনয়শিল্পী হিসেবে তার অভিনীত ৫০টি নাটক কোটি ভিউয়ার পূর্ণ করেছে সম্প্রতি।

বিশেষ এই খবরটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছেন অপূর্ব। যদিও পোস্টটি এডমিন থেকে দেওয়া হয়েছে। সেখানে তাকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন।

একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখো হয়েছে, ‘প্রথম অভিনয় শিল্পী হিসেবে বাংলা নাটক ইতিহাসে ৫০তম নাটকে কোটি পূর্ণ করলেন জিয়াউল ফারুক অপূর্ব৷ নাটক ইতিহাসে প্রথম কোটি, প্রথম ১০টা নাটক কোটির পর এবার ৫০তম নাটকের কোটিরও মাইলফলক স্পর্শ করলেন তিনি৷ মজার ব্যাপার হচ্ছে তার প্রথম কোটি ‘বড় ছেলে’ হয়েছে ৩৪ দিনে, আজকে ৫০ তম কোটি নাটক ‘বস আই হেইট ইউ’ করেছে ১৯ দিনে৷’

বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানতে চাইলে ছোটপর্দার তুমুল জনপ্রিয় এই তারকা সংবাদমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের প্রথম অভিনেতা হিসেবে আমার অভিনীত ৫০টি নাটক ইউটিউবে কোটি ভিউয়ারের রেকর্ড গড়েছে। বিষয়টিতে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত, অনুপ্রাণিত। শুরু থেকেই বলে আসছি দর্শকই আমার কাজের প্রাণ। মানুষ আমার কাজকে অনেক বেশি ভালোবাসেন। আর সে কারণেই এটা সম্ভব হয়েছে।’

এই অভিনেতা আরও যোগ করেন, ‘মানুষের জীবনে প্রথম যেকোনো কিছুই হৃদয়ের বিশেষ জায়গা জুড়ে থাকে। এটিও আমার জন্য তেমন। দর্শকের এই ভালোবাসাগুলো আমাকে প্রতিনিয়ত আরও ভালো ভালো কাজ করার জন্য উজ্জীবিত করে। ভবিষ্যতেও আমি চেষ্টা করব নিজের সেরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে।’

কোটি ভিউয়ার পাওয়া এই ৫০ নাটকের পরিচালক-সহশিল্পীদেরও ধন্যবাদ দিতে ভোলেননি অপূর্ব। বলেন, ‘আমার এই নাটকগুলো যে পরিচালকরা পরিচালনা করেছেন, যারা সহশিল্পী হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন, লাইট-ক্যামেরা থেকে শুরু করে যারা আমাদের পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ভক্ত-দর্শকদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *