ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়া ও রাজের প্রডাকশন হাউজের ব্যানারে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। হঠাৎ করেই কলকাতায় উড়ে গেছেন এই নায়িকা। দেখা করেছেন নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে।
এ সময়ের কয়েকটি সেলফি ফেসবুকে প্রকাশ করেছেন পূজা। এতে পূজা লিখেছেন, দেখো আমার সঙ্গে কে? ক্যাপশনে রাজ চক্রবর্তী তার ব্যস্ত সময়ের কিছু দেওয়াতে কৃতজ্ঞতাও জানিয়েছেন পূজা।
ছবিটি দেখার পর পূজার অনুসারীদের মতো নতুন করে কৌতুহল তৈরি হয়েছে। তৈরি হেওয়াটাই স্বাভাবিক। রাজের সঙ্গে দেখা তো আর এমনি এমনিই হতে পারে না। নিশ্চয়ই নতুন কোনো প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। হয়েছে নতুন ছবির ব্যাপারে আলাপ-সালাপও।
জানতে চাইলে পূজা সংবাদমাধ্যমকে বলেন, রাজ চক্রবর্তী দাদা আমার অন্যতম প্রিয় মানুষ। কলকাতায় আসবো আর তার সঙ্গে দেখা হবে না তা কি হয়। তার সঙ্গে দারুণ কিছু সময় কাটালাম। দাদার কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে তার গুরুত্বপূর্ণ সময়ের কিছু দিয়েছেন।
রাজ চক্রবর্তীর নতুন কোনো ছবিতে অভিনয় করা হচ্ছে কী? উত্তরে পূজা হেসে বললেন, হতেও পারে। তবে এ বিষয়ে কিছুই এখন বলা যাচ্ছে না।
রাজ চক্রবর্তীর সঙ্গে পূজা চেরির পুরোনো সম্পর্ক। রাজের প্রডাকশন হাউজ ‘রাজ চক্রবর্তী প্রোডাকশন’ এর ব্যানারে ‘নুরজাহান’ ছবিতে অভিনয় করেন পূজা। রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন ছবিটি।
উল্লেখ্য, পূজা চেরি কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছেন। ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ নামে একটি প্রতিষ্ঠান থেকে অভিনয়ে বিশেষ অবদানের জন্য তাকে পুরস্কার দেওয়া হবে। আগামীকাল ৯ জুন কলকাতার রোটারি হাউস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘গলুই’ সিনেমার এই নায়িকার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
