Home বিনোদন হজে যাচ্ছেন নায়িকা সালওয়া

হজে যাচ্ছেন নায়িকা সালওয়া

0
358

ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি সপ্তাহেই হজে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

আজ বুধবার (৮ জুন) বাবা-মায়ের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করছেন সালওয়া।

তিনি জানিয়েছেন, ‘আমার বাবা-মা এবার হজে যাচ্ছেন। আমিও তাদের সঙ্গে যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি।’

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সালওয়ার সিনেমাযাত্রা এখানেই শেষ? তবে কি তিনি অভিনয় ছাড়ছেন?

এ প্রসঙ্গে সালওয়া জানিয়েছেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা (অভিনয়), সেটা তো আমাকে করতেই হবে।’

গত শনিবার (৪ জুন) ফেসবুক স্ট্যাটাসে সালওয়া জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ্‌, মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন। বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুন। আমিন।’

প্রসঙ্গত, নিশাত নাওয়ার সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানার-আপ। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন সালওয়া। পরে এই ছবির পরিচালক বদলে যায়। পরে ছবির নামও বদল করে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ করা হয়।

এই ছবির শুটিং শেষ হয়েছে। রয়েছে মুক্তির তালিকায়। কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন তিনি। যদিও ছবিটি এখনো শেষ করা যায়নি। এ ছাড়াও তার অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here