ঈদুল ফিতরে চার সিনেমা মুক্তির মাধ্যমে সিনেমা হলে দর্শক ফিরেছে বলে মনে করছেন সিনেমা-সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চলতি জুনে ছয়টি সিনেমা মুক্তির পথে আছে।
তবে জুনের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া অঞ্জন আইচ পরিচালিত সাইকো-থ্রিলার গল্পের সিনেমা ‘আগামীকাল’ দর্শক টানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
ঢাকার একাধিক সিনেমা হলে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। মামনুন ইমন-জাকিয়া বারী মম অভিনীত সিনেমাটি ৩ জুন হতে দেশের ৩০টি সিনেমা হলে চলছে। তবে একাধিক ইস্যুতে সিনেমাটির প্রচারণায় অংশ নেননি নায়িকা মম।
রাজধানীর অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে সিনেমাটি। গতকাল ও আজ স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় সরেজমিনে খোঁজ নিয়ে সিনেমাটি দর্শক না পাওয়ার দৃশ্য দেখা গেছে।
আজ দুপুরে স্টার সিনেপ্লেক্সের সিনেমাটি দেখেছেন এমন একজন দাবি করেছেন, তিনি যে শো উপভোগ করেছেন সেখানে তিনি ছাড়া আর দুজন দর্শক ছিলেন।
সিনেমাটি কেমন দর্শক পাচ্ছে? এমন প্রশ্নে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সিনেমাটির আশানুরূপ দর্শক নেই…।’
‘আগামীকাল’ সিনেমা নিয়ে ঢাকার শ্যামলী সিনেমার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আহসানউল্লাহ বলেন, ‘এই সিনেমাটি মোটেও চলছে না। ঈদে মুক্তি পাওয়া সিনেমা দিয়ে যে মোটামুটি ব্যবসার একটা ধারাবাহিকতা শুরু হয়েছিল সেটা ব্যাহত হচ্ছে। যে আশা করে সিনেমাটি নিয়েছিলাম সে অনুযায়ী ব্যবসা হচ্ছে না। মুক্তির প্রথম দিন থেকে আজ পর্যন্ত খুব একটা ভালো চলছে না।’
ঢাকার ফার্মগেট ‘আনন্দ’ সিনেমা হলের শাহ দুলাল বলেন, ‘খুব খারাপ অবস্থা এই সিনেমার। প্রতি শোতে মাত্র ৪ থেকে ৫ জন দর্শক থাকেন। মুক্তির দিন থেকে এই সিনেমা নিয়ে কোনও আগ্রহই নেই দর্শকদের মধ্যে।’
স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা চাই বাংলা সিনেমা সিনেপ্লেক্সেগুলোতে ভালো ব্যবসা করুক। কিন্তু গতকাল রোববার সবগুলো শাখার প্রায় ১ হাজার আসনের বিপরীতে মাত্র ১৬ থেকে ২০টা করে টিকেট বিক্রি হয়েছে। এরকম অবস্থা হলে কীভাবে সম্ভব বলেন?’
