নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১০ জুন। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে। দুটি গানের শুটিং হয়েছে ব্যাংককে। দুই মাস আগে এটি সেন্সর ছাড়পত্র পায়।
আগামী শুক্রবার (১০ জুন) সারা দেশে ‘বিক্ষোভ’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এরই মধ্যে হল বুকিংও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
নিরাপদ সড়ক আন্দোলনকে ঘিরে ‘বিক্ষোভ’ সিনেমার গল্পটা এগিয়েছে। সিনেমায় একজন শিক্ষার্থীর ভূমিকায় শান্ত খানকে দেখা যাবে। যে নিরাপদ সড়কের জন্য লড়াই করে যান। আর শ্রাবন্তী আছেন শিক্ষিকার চরিত্রে। তবে ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম-রসায়নও দেখা যাবে।
সিনেমা নিয়ে শান্ত খান সংবাদমাধ্যমকে বলেন, ‘বিক্ষোভ আমার দ্বিতীয় সিনেমা। প্রতিটা সিনেমা নিয়েই সবার প্রতাশ্যা থাকে। আমারও আছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’
অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে কাজ করার বিষয়ে বলেন, ‘শ্রাবন্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। প্রথম দিন যেদিন আমাদের একসঙ্গে শুট ছিল সেটা হয়েছে ইন্ডিয়ায়। খুব ভয়ে ছিলাম। তবে উনি খুব আন্তরিক কাজের ক্ষেত্রে। খুব ভালোভাবেই কাজ শেষ করেছি আমরা।’
শান্ত-শ্রাবন্তী ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু, রাহুল দেব, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ আরও অনেকে। ‘বিক্ষোভ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।
