মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ আনসার বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৪র্থ ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বুধবার রোববার (৫ জুন) সকালে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডের সালাম গ্রহণ করেন বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
পরে আনসার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল মিজানুর রহমান শামীম প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। এ সময় তিনি প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা তাদের জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমানে এ বাহিনীর প্রায় ৫৪ হাজার আনসার সদস্য জননিরাপত্তায় অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
মহাপরিচালক শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মলয় বালা, ফায়ারিং-এ সেরা আকরাম হোসেন আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন হ্যামিলিন চাকমা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
