চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ওই ডিপোর মালিকপক্ষ। এ ছাড়া এই দুর্ঘটনায় অঙ্গহানি হওয়া প্রত্যেককে ছয় লাখ এবং আহত প্রত্যেককে চার লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষের কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকী। বিএম ডিপোটি নেদারল্যান্ডস-বাংলাদেশ যৌথ মালিকানার একটি প্রতিষ্ঠান।
বাংলাদেশ পক্ষের মালিক চট্টগ্রামের দুই ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান এবং মুজিবুর রহমান। সম্পর্কে এরা আপন ভাই। শামসুল হায়দার সিদ্দিকী ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপের জিএম হিসেবে কর্মরত।
শামসুল হায়দার জানান, ডিপোতে থাকা কনটেইনারের মধ্যে ৯০ শতাংশ ছিল রপ্তানির অপেক্ষায় থাকা তৈরি পোশাক, ১০ শতাংশ ছিল খাবারের। এর বাইরে ডিপোর ভেতরেই একটু দূরে কিছু রাসায়নিক পদার্থের কনটেইনার ছিল। এর মালিক আল-রাজী কেমিক্যাল লিমিটেড। যার মালিক মুজিবুর রহমান।
এ ছাড়া কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডে যেসব কর্মচারী নিহত হয়েছেন তাদের পরিবারে শিশু থাকলে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পরিবারকে ওই কর্মচারীর বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। এ ছাড়া নিহতদের পরিবারে উপার্জনক্ষম কোনো সদস্য থাকলে তাদের চাকরির ব্যবস্থা করা হবে।
বিএম কন্টেইনার ডিপো মালিক পক্ষ বিবৃতিতে আরো বলেন, এই ঘটনার বিষয়ে তাদের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া সরকার গঠিত তদন্ত কমিটিগুলোকে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
