ইতিহাসের পাতায় আমার নাম উঠেছে: বাঁধন

২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এরপর থেকেই বলা যায় বৃহস্পতি তুঙ্গে আছে সিনেমাটির নায়িকা আজমেরী হক বাঁধনের।

বর্তমানে ‘রেহানা মরিয়ম নূর’ ঘিরেই বাঁধনের যত ব্যস্ততা। আজ ঢাকা, পরের সপ্তাহে কলকাতা, না হয় কোনো দূর দেশের চলচ্চিত্র উৎসবে হাজির হতে হয় এই সিনেমার সুবাদেই।

মিডিয়ার গত বছরটা ছিল বাঁধনেরই। এশিয়া প্যাসিফিক স্ট্ক্রিন অ্যাওয়ার্ডসে [অ্যাপসা] সেরা অভিনেত্রীর সম্মাননা ছিল তাঁর ঝুলিতে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি।

গত ১৮ মার্চ ২৬তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে যান বাঁধন। সিনেমার প্রদর্শনীতে উপস্থিত থেকে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এবারই প্রথম শুরু হয়েছিল এই উৎসব।

সম্প্রতি নিউইয়র্কে অস্টিন ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল, নিউ ডিরেক্টরস নিউ ফিল্মস ফেস্টিভ্যাল- দুটিতে অংশ নিয়েছিলেন বাঁধন। সেখানে বাঁধনের সাবলীল উপস্থিতি ও ফ্যাশনেবল সব মুহূর্ত সবার দৃষ্টি কেড়েছে।

বাঁধনের কাছে প্রশ্ন ছিল, বর্ণিল এই সময় কেমন উপভোগ করছেন? ‘সময়টা ভালোই যাচ্ছে। আমি লক্ষ্যহীন ছিলাম। এমন সময় আমার জীবনে আসবে কখনোই ভাবিনি। স্বাধীনতার ৫০ বছরে এটিই প্রথম সিনেমা, যা অফিসিয়ালভাবে সিলেকশন হয়ে কানে প্রদর্শিত হয়েছে। ইতিহাসের পাতায় আমার নাম উঠেছে। দেশকে প্রতিনিধিত্ব করছি। এটা ভীষণ ভালো লাগার।’- বললেন বাঁধন।

দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন বাঁধন। সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবির কাজ শেষ করেছেন তিনি। এতে তাঁকে দেখা যাবে বাংলাদেশি এক মেয়ের চরিত্রে। মেয়েটি মিশন নিয়ে ইন্ডিয়ায় যায়। ঘটে নানা ঘটনা।

আপাতত নতুন কোনো সিনেমা হাতে নেই তাঁর। অপেক্ষায় রয়েছেন ভালো গল্প ও চরিত্রের। আবারও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান তিনি। চলতি মাসের শেষ সপ্তাহে স্পেনে অনুষ্ঠিতব্য ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জোভেতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ‘রেহানা মরিয়ম নূর’ দেখানো হবে বলে জানিয়েছেন এই নন্দিত অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *