Home আলোচিত আমি প্রতিনিয়তই কাজের প্রস্তাব পাচ্ছি: বাঁধন

আমি প্রতিনিয়তই কাজের প্রস্তাব পাচ্ছি: বাঁধন

0
186

তাঁর শোণিতধারায় বইছে অভিনয়ের স্রোত। নিজেকে তাই পর্দায় মেলে ধরেন নানা অবয়বে। তুলে ধরেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তিলে তিলে নিজেকে করেছেন পরিণত। সাফল্যও পেয়েছেন মুঠোভরে।

বলছি, মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কথা। গত বছর কান উৎসবে তাঁর ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রদর্শনীর পর থেকে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

এক সিঙ্গেল মাদারের ভূমিকায় আরেক সিঙ্গেল মাদারের অভিনয় চলচ্চিত্র বিশ্বকে আলোড়িত করেছেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, অস্ট্রেলিয়াসহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন ও পুরস্কার পায় আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমা।

বর্তমানে ‘রেহানা মরিয়ম নূর’ ঘিরেই বাঁধনের যত ব্যস্ততা। আজ ঢাকা, পরের সপ্তাহে কলকাতা, না হয় কোনো দূর দেশের চলচ্চিত্র উৎসবে হাজির হতে হয় এই সিনেমার সুবাদেই। মিডিয়ার গত বছরটা ছিল বাঁধনেরই। এশিয়া প্যাসিফিক স্ট্ক্রিন অ্যাওয়ার্ডসে [অ্যাপসা] সেরা অভিনেত্রীর সম্মাননা ছিল তাঁর ঝুলিতে। এ বছরও শুরু থেকেই আলোচনায় তিনি।

সম্প্রতি আমেরিকায় সিনেমাটির প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন তিনি। চলতি মাসে স্পেনের একটি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। এ উৎসবেও বাঁধন হাজির থাকবেন।

তবে সিনেমাটিতে অভিনয়ের পর থেকে এখন পর্যন্ত আর নতুন কোনো নাটক কিংবা সিনেমায় অভিনয়ে দেখা যায়নি তাকে। অভিনয় সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, বাঁধন পুরস্কারের জালে আটকে আছেন।

কান চলচ্চিত্র উৎসবের পর তাকে নিয়ে মিডিয়ার গুরুত্ব বৃদ্ধি পেলেও অভিনয়ের দূরত্ব ক্রমশ বাড়ছেই। যদি এভাবে অভিনয়ে ফেরার প্রক্রিয়াটি বিলম্বিত হয়, তাহলে এক সময় তার প্রতি নির্মাতারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। তবে বাঁধন আশাবাদী অভিনয় নিয়ে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রতিনিয়তই নতুন কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু মনের মতো হচ্ছে না কোনোটাই। যেসব কাজের প্রস্তাব আসছে এর মধ্যে কিছু কিছু কাজ খুবই মানসম্মত। তবে সেগুলোতেও আমার উপস্থিতি মন মতো না হওয়ার কারণে ছেড়ে দিচ্ছি কাজগুলো। তা ছাড়া আমি আরও কিছুদিন চলচ্চিত্র উৎসবগুলোতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিরতি যত দীর্ঘই হোক না কেন, ভালো কাজ দিয়েই দর্শকের সামনে ফিরতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here