Home আলোচিত আসছে ‘অমানুষ’, পাশে থাকতে বললেন মিশা সওদাগর

আসছে ‘অমানুষ’, পাশে থাকতে বললেন মিশা সওদাগর

0
154

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর খল চরিত্রে আট শতাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সময়ে শুরু করে অনেক নায়ক-খল নায়ক আজ চলচ্চিত্রে নেই। কিন্তু মিশা সওদাগর এখনও দাপটের সঙ্গে কাজ করছেন।

এবার ঈদুল ফিতরে মিশা অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। আগামী ১৭ জুন তার ‘অমানুষ’ মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে আশাবাদি এই খলনায়ক।

মিশা বলেন, ‘অমানুষ’ ভিন্ন টেস্টের সিনেমা। এই সিনেমায় ডাকাতের গল্প তুলে ধরা হয়েছে। আমার কাছে মনে হয়েছে দর্শক এই সিনেমায় ভিন্ন একটি গল্প পাবেন। এতে আমার চরিত্র ও লুকেও ভিন্নতা আছে। অনন্য মামুন বেশ ভালো কাজ করেছে। নিরবও ভালো করেছে।’ তিনি দর্শককে ‘অমানুষ’ সিনেমার পাশে থাকারও আহ্বান জানান।

অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় নিরবের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা। এর মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে নাম লিখিয়েছেন মিথিলা।

গত বছরের নভেম্বরে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। নিরব-মিথিলা-মিশা ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডন প্রমুখ।

সিনেমাটির মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিরব বলেন, ‘দীর্ঘদিন পরে আমাদের দর্শক নতুন একটি ভিন্ন স্বাদের গল্প দেখবে। আমাদের বিগ কাস্টিং, ঢাকার বাইরে গল্পের ভিন্নতা রয়েছে। ঢাকার চার দেয়ালের বাইরে শুটিং। এমন অবস্থা ছিল শুটিংয়ের পুরো সময় জঙ্গল ছাড়া আর কিছুই দেখিনি। রাতে রুমে গিয়ে ঘুমিয়েছি। পরের দিন ভোরে আবার জঙ্গলে এসেছি। এটুকুই বলব, দর্শক সিনেমাটি দেখে আরাম পাবে। সিনেমাটি নিয়ে আমরা আশাবাদী।’

করোনার কারণে এখন দর্শক কম থাকায় অনেক সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে না। সেই জায়গায় অভিনেতা হিসেবে কোনো ঝুঁকি তৈরি হবে কি না, এমন প্রশ্নে নিরব বলেন, ‘ঈদ আমাদের আশা দেখিয়েছে। ঈদের প্রচুর দর্শক হলমুখী হয়েছে। তারা এখন নিয়মিত সিনেমা দেখতে চায়। কোভিড পরিস্থিতি এখন কমছে। একটু একটু করে অনেক দর্শক হলে যাচ্ছে। আমি কোনো ঝুঁকি দেখছি না। আশা করব সিনেমাটি দর্শক দেখবে। আমরা প্রচারণায় সেভাবেই সময় দিতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here