আমি পজিটিভ মানুষ: রিয়াজ

সিনেমা অঙ্গনে সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব’ এর ট্রেলার! যা প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ও ভারতীয় দর্শক মহলে চলছে আলোচনা সমালোচনা।

বায়োপিকটিতে তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিকে নিজের অভিনয়ের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলেছেন জনপ্রিয় এই চিত্রনায়ক।

তিনি বলেন, একজন শিল্পী হিসেবে সব সময় আমি পরিচালক যেভাবে বলেন সেভাবে অভিনয় করার চেষ্টা করে থাকি।

রিয়াজ বলেন, আমি পজিটিভ মানুষ। এটার পজিটিভ দিক হচ্ছে, বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম জানছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে অন্তরে লালন করছে তারা। তার ব্যাপারে মানুষজনের ও তরুণ প্রজন্মের কৌতুহল আছে এবং তারা অনেক কিছু জানতে চাচ্ছে, অনেক কিছু নিয়ে প্রশ্ন করছে; যা আমার কাছে ভালো লাগছে।

এই নায়ক আরও বলেন, বায়োপিকটি সম্পর্কে আমি যতটুকু জানি, রিসার্চ টিম ছিল, ইতিহাস থেকে নেয়া হয়েছে সিনেমাটি। এখানে ইতিহাসের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা এটা আসলে রিসার্চ টিমের উপর দায় বর্তায়। তবে আমার কাছে মনে হচ্ছে ইতিহাসের খুব একটা ব্যত্যয় ঘটেনি।

ট্রেলার প্রকাশের পর কিছু কিছু সংলাপ নিয়ে যে প্রশ্ন আসছে— এ ব্যাপারে রিয়াজ বলেন, আমার ধারণা এগুলো সবগুলোর এভিড্যান্স আছে। দেখার পর মানুষ সেই সবের উত্তর পেয়ে যাবে।

জনপ্রিয় এ নায়ক বলেন, স্বাধীনতার এত বছর পরে বঙ্গবন্ধুকে নিয়ে অন্তত একটা বায়োপিক হয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটির পরিচালক হিসেবে কাজ করেছেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *