এবার প্রার্থনা ফারদিন দীঘির যাত্রা শুরু হচ্ছে ওটিটির দুনিয়ায়। আগামী ২জুন চরকিতে ‘শেষ চিঠি’ নিয়ে হাজির হচ্ছেন দীঘি। ওয়েব ফিল্মে তাঁর চরিত্রের নাম তুলি। এই তুলি অভিনেতা ইয়াশ রোহানের স্ত্রী, সাবেরী আলম তাঁর শাশুড়ি। পরিচালনা করেছেন সুমন ধর।
নির্মাতা দীঘিকে এই গল্প শুনিয়েছিলেন ২০১৯ সালে। অভিনেত্রীর ভাষ্য, ‘গল্পটা প্রথম যেদিন শুনেছিলাম, সেদিন থেকেই মাথায় গেঁথে গিয়েছিল। সব সময় মনে হয়েছে কবে শুটিং করব।’
সেই শুট হয়েছে গেল বছরে একটি শুটিং হাউস ও ৩০০ ফুট এলাকায়। নতুন এই কাজ প্রসঙ্গে দীঘি বলছেন, ‘এতটুকু বলতে পারি এই সিনেমাটা দেখে কারও খারাপ লাগবে না। যে জায়গাটা ভালো লাগবে না সমালোচকেরা জানাক, আমি শুধরে নেব পরের কাজে। এটা এমন একটা গল্প, দর্শক নিজের সাথে রিলেট করতে পারবে। রোমান্টিক ঘরানার পারিবারিক গল্প’।
গল্প সম্পর্কে দীঘি বলেন, ‘একটি মেয়ের সংসারের গল্প বলা যেতে পারে। চরিত্রের নাম তুলি। পরিচালক যখন গল্পটা শুনিয়েছিলেন তখন বলেছিলেন তুলি হচ্ছে একটা প্রজাপতি। যার অনেক রং এবং নানাভাবে সে উড়ে বেড়ায়। তার জীবনে যখন দুঃখ আসে তখন সে কীভাবে ডিল করে সেটা নিয়েই গল্প।’
এদিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় দেখা যাবে তাকে।
