তসলিমা নাসরিনকে শাড়ি উপহার দিলেন শ্রীলেখা

দুই ভুবনের দুই বাসিন্দা তসলিমা নাসরিন ও শ্রীলেখা মিত্র। কিন্তু দু’জনই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। ভালোবাসেন নিজের শর্তে বাঁচতে। সম্প্রতি ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে দেখা হয়ে গেল দু’জনের। প্রিয় লেখিকার সঙ্গে সাক্ষাতের সেই ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শ্রীলেখা।

জানা যায়, দিল্লিতে ‘লে রিদম’ নামের সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্রীলেখা। সেই অনুষ্ঠানেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তসলিমা নাসরিন। সেখানেই দেখা হয়ে যায় দু’জনের।

শ্রীলেখা জানান, তসলিমার সঙ্গে খুব বেশি কথা হয়নি তার। তবে তসলিমা তার পছন্দের মানুষদের একজন বলেই জানান শ্রীলেখা।

তিনি আরও জানান, অনেক আগেই তসলিমার লেখা ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’ পড়েছিলেন তিনি। তসলিমার এই লেখা তাকে মুগ্ধ করেছিল। প্রিয় লেখিকাকে একটি শাড়ি উপহার হিসেবে দিয়েছেন বলেও জানান শ্রীলেখা।

আগামী বুধবার কলকাতায় ফেরার কথা শ্রীলেখার। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ট্রেলার। নিজের ইউটিউব চ্যানেলে ট্রেলার আপলোড করেছেন শ্রীলেখা। এই ছবির মধ্যে দিয়ে স্মৃতিমাখা এক ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন শ্রীলেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *