সহকর্মীদের কেউ আমার খোঁজ নেয়নি, খুব কষ্ট পাচ্ছি: কমল পাটেকর

ভালো নেই জনপ্রিয় খলঅভিনেতা কমল পাটেকর। ব্যস্ততার কারণে শরীরের দিকে তাকাবার অবসরও ছিল না তার। তবে প্রকৃতি বোধ হয় এবার একটু কঠোরই হল- সেই কঠোরতার ফল হচ্ছে কমল শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

কমল বলেন, গত পাঁচদিন আগে কলকাতা থেকে ফিরেছি। হাতে আগে থেকেই ব্যথা অনুভব হওয়ায় মনে হয়েছে শরীরটা একটু চেকআপ করাই। চেকআপ করাতে গেলে চিকিৎসক আমার পরিবারকে জানান- হার্টে সমস্যা। দ্রুত ভর্তি করাতে হবে। বাধ্য হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হই। এনজিওগ্রাম করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

তবে অসুস্থ হলেও সহকর্মীরা তার খবর নিচ্ছেন না এমন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কমল পাটেকর। তিনি বলেন, হার্টে সমস্যা ধরা পড়ায় যতটুকু না কষ্ট পাচ্ছি তারচেয়ে বেশি কষ্ট পাচ্ছি চার দশকের সহকর্মীদের আচরণে। একটি বারের জন্যও কেউ ফোন করে কেমন আছি জিজ্ঞাসা করেনি! এ কেমন আচরণ?

এরই মধ্যে নিপুণ আক্তার ফোন করে খবর নিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

কমল বলেন, অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নিলে তার মনোবল চাঙা হয়। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে একটু খোঁজ-খবর আশা করতেই পারি। যাই হোক কারও কাছে কিছু চাই না- সম্ভব হলে আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন।

কমল পাটেকল তার চার দশকের অভিনয় জীবনে দুই হাজারের বেশি সিনেমায় কাজ করেছেন। তার মুক্তিপ্রতিক্ষীত সিনেমাগুলো হচ্ছে- নরসুন্দরী, বুবুজান, প্রিয়ারে, আগুন, বিক্ষোভ। এছাড়া প্রস্তুত হচ্ছে, বাঘবন্দি, চক্কর, এইতো জীবন, লটারীসহ একডজন ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *