ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। মাঝেমধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা। সিডনিতে থেকেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন।
দেশ ছেড়ে দূরে থাকার কারণে বিনোদন জগতের মানুষদের সঙ্গে শাবনূরের দেখা-সাক্ষাৎ হয় না বললেই চলে। তবে এবার নায়িকার সঙ্গে দেখা হলো দেশের ফোক সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী মমতাজের।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন মমতাজ। সিডনিতে অংশ নিয়েছেন ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠানে। এর ফাঁকেই দেখা হয় শাবনূরের সঙ্গে। শাবনূরও গোটা একটা দিন দিয়েছেন গায়িকাকে। তার এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন মমতাজ।
সিডনি বিমানবন্দর থেকে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মমতাজ। তিনি জানান, নায়িকা (শাবনূর) ড্রাইভ করেছেন আর তিনি শুনিয়েছেন গান।
কোন গান? মমতাজ বললেন, ‘সিনেমায় শাবনূরের লিপে আমার অনেক গানই ছিল। সবচেয়ে হিট গানের মধ্যে আছে “বধূ বেশে কন্যা যখন এল রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে”। “হৃদয়ের বন্ধন” সিনেমার গানটি গেয়েছি গাড়িতে বসে। আরও কয়েকটি গান ছিল। সবচেয়ে ভালো লেগেছে শাবনূর আমাকে গাড়ি চালিয়ে নানা জায়গায় ঘুরিয়েছে। দর্শনীয় সব জায়গা দেখিয়েছে। শপিং মলে নিয়ে গেছে। সারা দিন ধরে নিজে ড্রাইভ করেছে। শেষে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে। আমি ইমিগ্রেশন ক্রস করা পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। আমাকে বিমানে তুলে দিয়েই তবে বাসায় ফিরেছে। তার এই আতিথেয়তা আমার অনেকদিন মনে থাকবে।’
মমতাজ তাঁর ফেসবুকেও শাবনূরের সঙ্গে কাটানো সময়ের অনুভূতি ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি, আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারা দিন সে সময় দিল শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করব তোমাকে।’
কথা হয় শাবনূরের সঙ্গেও। তিনি বললেন, ‘মমতাজ আপা আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। তাঁর আসার খবর শোনার পর দেখা করি। কত সুন্দর স্মৃতি আমাদের। তিনি আমার বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন। সিডনিতে তাঁর সঙ্গে কাটানো সময়টা আমার জন্যও ছিল অসাধারণ।’
১৮ মে কয়েকটি স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছাড়েন মমতাজ। সর্বশেষ সিডনিতে কনসার্ট শেষে করে আজ সোমবার তিনি ঢাকার বিমানে চড়েছেন।
অন্যদিকে পরিবার নিয়ে কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।
