পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুর নাম ‘পদ্মা সেতু’ চূড়ান্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করা হলো।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাধীন ছয় দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। জোরোশোরে এগিয়ে চলছে সেতুকে যান চলাচলের সম্পূর্ণ উপযোগী করার কাজ।
গত মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পথে সেতুটির নাম পদ্মা সেতু হচ্ছে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেদিন ওবায়দুল কাদের বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, পদ্মা সেতু পদ্মা নদীর নামেই হবে। এখানে অন্য কারও নাম আমি দেব না। বঙ্গবন্ধু পরিবারের কারও নাম এখানে সংযোজন করা হবে না।’
সেতুর নাম পদ্মা সেতু হবে কি না তা নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সেতুর নামকরণ করা নিয়েও আলোচনা হয়।
এই আলোচনার মধ্যেই সেদিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুর নাম নিয়ে স্পষ্ট তথ্য দিলেন। তার চারদিন পর তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পেল।
