তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি অনুমোদন না থাকায় তিনটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মে) বিকেলে ভূঞাপুর পৌর শহরে এসব ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুস সোবহান, স্যানেটারি ইন্সপেক্টর রোকেয়া বেগম ও ভূঞাপুর থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার ভূমি অফিস সংলগ্ন আইডিয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, মা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও উপজেলা পরিষদের নিকটবর্তী ভূঞাপুর-টাঙ্গাইল রোডের সোনিয়া হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নিবন্ধন না থাকায় ওই তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
গত ২৬ মে, মা ক্লিনিক এন্ড হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকসহ এক প্রসূতির মৃত্যুর কারণে ওই ক্লিনিককে সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম বলেন, বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। বাকি ক্লিনিকগুলোতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
