মাঝেমধ্যে জীবনকে খুবই দুর্বিষহ মনে হয়: সাফা কবির

এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। নিয়মিত কাজ করে যাচ্ছেন একের পর এক সব নাটকে। প্রায়শ বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

এদিকে, এই অভিনেত্রীর বিয়ে নিয়ে দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। সম্প্রতি সাফা কবির নিজেই বিয়ের বিষয়ে কথা বলেছেন। শিগগিরই বিয়ে না করলেও বিয়ের জন্য কেমন ছেলে চান সেই বিষয়েও জানিয়েছেন তিনি।

সাফা কবির বলেন, এটা আল্লাহর হাতে নির্ধারণ করা। তিনি যদি আমার জন্য জুটি লিখে রাখেন তাহলে অবশ্যই হবে। এরপরই হচ্ছে আমার মা-বাবা। তারা যেদিন মনে করবেন তখন হবে। আর আমি মা-বাবার একমাত্র সন্তান হওয়ায় তাদের খুব একটা মাথা ব্যথা নেই। তো একারণে এখনই বিয়ে হচ্ছে না, তবে ইনশাআল্লাহ সামনে যখন হবে তখন সবাই জানতে পারবেন।

এই মডেল কাম অভিনেত্রীকে বিয়ের জন্য কেমন ছেলে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, পাত্রকে অবশ্যই লয়াল, অনেস্ট, হাম্বল; এই তিনটি হলেই হবে।

সাফা কবির বেশ ভালো রান্না জানেন। ‘সাফা কিচেন’ নামে অনলাইনে তার রেস্টুরেন্টও রয়েছে। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাফা রান্না করা খাবারের প্রসঙ্গে বলেন, তার কাছে মনে হয় তার রান্না করা ইলিশ-পোলাও বেশি পছন্দের।

সাফার কাছে কখনো কখনো তার জীবনকে দুর্বিষহ মনে হয় বলেও জানিয়েছেন। তিনি বলেন, যখন মনে হয় আমি আর পেরে উঠতে পারছি না, এটা হচ্ছে না আমাকে দিয়ে তখন জীবনকে খুবই দুর্বিষহ মনে হয়।

এছাড়া জীবনকে সুন্দর হিসেবে মনে হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, যখন পরিবার ও বন্ধু-বান্ধবদের চোখে আমার জন্য প্রাউড ফিল করতে দেখি তখন জীবনকে সুন্দর মনে হয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে কথা বলেন, সাফা কবির। সেখানেই এসব বিষয়ে কথা বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *