মনে হয়েছিল পাইলটের চেয়ে অভিনয় পেশা ভালো: রিয়াজ

শুক্রবার (২৭ মে) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের অন্যতম শীর্ষ তারকা টম ক্রুজ অভিনীত ছবি ‘টপ গান : ম্যাভেরিক’। আজ থেকে ৩৬ বছর আগে একই ছবিতে অভিনয় করেছিলেন টম ক্রুজ।

এবারের টপ গান সেই ছবিটিরই সিক্যুয়েল। ৩৬ বছর আগের টম ক্রুজের সেই ছবি দেখেই নায়ক হওয়ার ইচ্ছে হয়েছিলো বলে জানালেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা রিয়াজ।

গতকাল রাজধানী মহাখালীর স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রিমিয়ার শো দেখতে এসে এসব কথা জানিয়েছেন রিয়াজ আহমেদ।

রিয়াজ বলছিলেন, অনেক বছর আগে যখন টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা দেখেছিলাম, তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমরা পাইলট হিসেবে যেভাবে হাঁটি, কল দেই—সব টেকনিক অ্যাডাপ্ট করেছিলেন টম। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম এক কথায়। মনে হয়েছিল অভিনয় পেশা তো পাইলটের চেয়ে ভালো। সত্যি কথা বলতে, টম ক্রুজের সিনেমা দেখে অভিনয়ে আসার ইচ্ছাও জাগে কিছুটা। আমার নায়ক হওয়ার পেছনে তার অভিনয় একটি কারণ।

চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল এই ‘টপ গান’। টম ক্রুজের ম্যাজিক যে গত সাড়ে তিন দশকে এতটুকু ফিকে হয়নি, এ ছবির সিক্যুয়েল তারই প্রমাণ।

১৯৮৬ সালে মুক্তি টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা মুক্তি পেয়েছিল। প্রথম কিস্তি ‘টপ গান’-এর শেষে ৩০ বছর পরের ঘটনা নিয়ে সাজানো হয়েছে জোসেফ কসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’।

এবারের সিনেমায় নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। তিনি ছাড়াও আগের সিনেমার অভিনেতা ভ্যাল কিলমার ফিরছেন নতুন পর্বে। এছাড়া নতুন যুক্ত হয়েছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, এড হ্যারিস ও জন হ্যাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *