মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রুবেল মিয়ার নামে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
এ ঘটনায় মঙ্গলবার রূবেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আটক রুবেল মিয়া উপজেলার বড় কমলাবাড়ি ইউনিয়নের গুচ্ছ গ্রামের ফজলুর ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মে) রাত সাড়ে ১১টায় প্রতিবন্ধী (২৮) প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে যায়। এসময় আগে থেকে লুকিয়ে থাকা একই গ্রামের অভিযুক্ত যুবক রুবেল মিয়া (২০) তাকে মুখ চেপে ধরে পাশের পুকুরপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা রুবেলকে ধাওয়া করলে সে উলঙ্গ অবস্থায় পুকুরে লাফ দেয়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণ পেলে ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করে। এ ঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রতিবন্ধী নারীর বাবা শাহজাহান আলী বলেন আমি গরিব মানুষ, আমার প্রতিবন্ধী মেয়েকে রুবেল ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।
আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রুবেল মিয়াকে গতকাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
