‘মুজিব’ সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা

দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। যেটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে। বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় এর ট্রেলার উন্মোচন করা হয়। কিন্তু ট্রেলার প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে।

বঙ্গবন্ধু রূপে আরিফিন শুভর অপরিপক্ব অভিনয়, অসামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দৃশ্য ও সম্পাদনা নিয়ে প্রশ্ন উঠছে। নেতিবাচক মন্তব্যে যেন ফেসবুক সয়লাব হয়ে গেছে।

সিনেমার সমালোচনার পাশাপাশি বাজেট নিয়েও নানা তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে; কেউ কেউ সিনেমার বাজেট ১২০ কোটি বলেও দাবি করছেন। তবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) জানিয়েছে, ‘মুজিব’ সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ফ্রান্স থেকে সিনেমাটির নির্বাহী প্রযোজক ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন দেশের একটি গণমাধ্যমকে জানান, সিনেমাটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭০ কোটি রুপির সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। বাংলাদেশি টাকায় দাঁড়িয়েছে ৮৩ কোটি টাকা।

২০২০ সালের ১৪ জানুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেদকর চুক্তিতে স্বাক্ষর করেছেন।

চুক্তি অনুযায়ী, মোট বাজেটের ৬০ ভাগ অর্থ বাংলাদেশের দেওয়ার কথা রয়েছে; সে হিসেবে বঙ্গবন্ধুর বায়োপিকে বাংলাদেশের বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে, বাকি ৪০ ভাগ অর্থ ভারতের বিনিয়োগ করার কথা; বাংলাদেশি টাকায় যা ৩৩ কোটির বেশি।

চুক্তির এক বছর পর ২০২১ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল; আরও আগে থেকে দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা সম্ভবপর হয়নি বলে জানিয়েছে প্রযোজকরা।

মুম্বাইয়ে সেট ফেলে বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি বানিয়ে মুম্বাইয়ে দৃশ্যধারণের পর করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকাসহ বিভিন্ন এলাকায় বাকি অংশের দৃশ্যধারণ করা হয়েছে।

বাংলা ভাষায় নির্মিত সিনেমাটির জন্য শিল্পীসহ বেশিরভাগ কলাকুশলী বাংলাদেশ থেকেই নির্বাচন করেছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *