বলিউডের অন্যতম ছবি নির্মাতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব- দ্য মেকিং অফ আ ন্যাশন’ পরিচালনা করেছেন। ইতোমধ্যে শেষ হয়েছে ছবিটির নির্মাণ কাজ। প্রকাশিত হয়েছে ট্রেলার।
কিন্তু ট্রেলার প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সমালোচোনার ঝড়। অনেকেই বলছেন বাজেটের তুলনায় ছবির মান খারাপ। আবার অনেকেই বলছেন ছবির ভিএফক্সয়ের কাজ নিম্ন মানের। অন্যদিকে বঙ্গবন্ধুর চরিত্রে নায়ক আরিফিন শুভকে বেমানান লাগছে বলে অনেকেই মন্তব্য জানিয়েছেন।
এদিকে বিষয়টি নিয়ে কান থেকে গণমাধ্যমকে শুভ বলেন, সিনেমাটির ট্রেলার বানানো হয়েছে শুধু কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে, এটি অফিশিয়াল ট্রেলার নয়; খুব শিগগির অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে।
আরেফিন শুভ বলেন, মাত্র ১৩ দিন হাতে রেখে এই ট্রেলারটি বানানো হয়েছে। আর ভিএফএক্স-এর কাজ করা হয়েছে ১০ দিন। এটি শুধু কান চলচ্চিত্র প্রদর্শনের জন্যই বানানো হয়েছে। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যেই।
তবে শুভর এই ব্যাখ্যা মনে ধরেনি অনেকেরই। এমনকি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাও তার এই মন্তব্য নিয়ে খোঁচা মেরে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
সাবা লিখেছেন, ‘আরে বোকা, এটা তো অ্যানিমেশন ফিল্ম না যে পোস্ট প্রোডাকশনে সব ঠিক করে ফেলবে। বাই দ্য ওয়ে, তুমি বলতে চাচ্ছ তোমার চেহারা-অ্যাক্টিংও পোস্টে চেঞ্জ হয়ে যাবে!’
পোস্টের মন্তব্যের ঘরে তার অনুরাগীরাও তাকে সমর্থন করে মন্তব্য করেছেন। সাবাও সেসব মন্তব্যের প্রতিউত্তর করেছেন।
