সম্রাট আবার কারাগারে

জামিনে মুক্তি পাওয়ার ১৩ দিনের মাথায় আবার কারাগারে ফিরতে হচ্ছে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মঙ্গলবার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চেয়েছিলেন তিনি।

ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ রেখে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল এসব তথ্য জানিয়েছেন।

১৮ মে এ মামলায় সম্রাটের জামিন বাতিল করে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সম্রাট আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটির ওপর শুনানি নিয়ে ২৩ মে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। হাইকোর্টের আদেশ স্থগিত না করে সম্রাটের আবেদনটি ৩০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

হাইকোর্টের আদেশ স্থগিত না হওয়ার পাশাপাশি সম্রাটের আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির অপেক্ষায় থাকায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬।

মামলাটিতে সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় ১১ মে জামিন পেয়েছিলেন সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন দিয়েছিলেন।

দুদকের করা এ মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার আগে সম্রাট তাঁর বিরুদ্ধে থাকা আরও তিনটি মামলায় জামিন পান। চার মামলার সব কটিতেই জামিন পাওয়ায় ১১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে কারামুক্তি পান সম্রাট। কারামুক্তির পর তিনি এ হাসপাতালেই চিকিৎসার জন্য অবস্থান করছিলেন।

উল্লেখ্য, সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *