আরিফিন শুভ-তিশাকে শুভকামনা জানালেন নওয়াজুদ্দিন

ভারতীয় প্যাভিলিয়নে তখন শোরগোল। এত মানুষ গিজগিজ করলে যা হয় আর কী! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার প্রকাশ হয়েছে। ভিড় হওয়াটাই স্বাভাবিক।

ছবিটির প্রধান দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশাকে ঘিরে ব্যস্ত বাংলাদেশ ও ভারতীয় সংবাদকর্মীরা। হঠাৎ এসে হাজির বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। বাংলাদেশের দুই তারকাকে শুভকামনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) ছিল নওয়াজুদ্দিন সিদ্দিকির জন্মদিন। এ নিয়ে সাতবার কানসৈকতে জন্মদিন কাটলো তার! ভারতীয় প্যাভিলিয়নের মঞ্চে ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ ছবির ডিজিটাল পোস্টারের সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান নওয়াজুদ্দিন। তাকে দেখেই জন্মদিনের শুভেচ্ছা জানান আরিফিন শুভ ও তিশা। তিন জন মিলে আলোকচিত্রীদের সামনে পোজ দিয়েছেন।

এরপর মঞ্চে আসেন মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে অভিনয় করেছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। ফলে এক ধরনের পুনর্মিলন হয়ে গেলো তাদের। দেখা হতেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জাভেদ আশরাফ। এরপর বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর একে অপরকে বন্ধুত্বের স্মারক হিসেবে শাল পরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *