যুবলীগ নেতার সঙ্গে বসে কথা বলার জেরে নিরাপত্তা প্রহরীর চুল কর্তন!

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম সিকদারের সঙ্গে বসে কথা বলার জেরে এক নিরাপত্তা প্রহরীকে মারপিট করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৭ মে) বিকেলে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত সোমবার (১৬ মে) রাত ৯টার দিকে মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি রোডের খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী নিরাপত্তা প্রহরী আনোয়ার হোসেন বলেন, সোমবার রাত ৮টার দিকে যুবলীগ নেতা সেলিম সিকদার আমার কাছে এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কোন ভবনে থাকেন তা জানতে চান। আমি তাকে ঠিকঠাক উত্তর দেই। কিন্তু আমি বসে বসে উত্তর দেয়ায় তিনি আমার ওপর চড়াও হন, আমাকে গালমন্দ করেন। চিনতে পারিনি বলে ভুল স্বীকার করি। কিন্তু তিনি ওই কর্মকর্মতার বাসা থেকে নেমে যাওয়ার সময় তিনি আমাকে পুনরায় গালমন্দ করলে আমি প্রতিবাদ করি। এরপর তিনি আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগ ১০-১২ জনের লোক এসে আমার পরিচয় নিশ্চিত হয়ে মারপিট শুরু করে। একপর্যায়ে আমার হাত-পা আটকিয়ে কাচি দিয়ে মাথার চুল কেটে দেয়। ঘটনার পর আতঙ্কে আমি কাউকে কিছু না জানালেও স্থানীয়দের সাহসে থানায় অভিযোগ দিয়েছি। আমার মানসিক অবস্থা ভালনা আমি এর সুষ্ঠু বিচার চাই।

নাম পরিচয় গোপন রাখার শর্তে ভিডিও সাক্ষাতে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত ৯টার দিকে কয়েকজন লোক এসে আনোয়ার ভাইকে বেদম মারপিট করে মাথার চুল কেটে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা সেলিম সিকদার বলেন, অভিযোগকারী আমার সাথে খারাপ আচরণ করেছে। এটা নিয়ে আমি অফিসে বসে দুঃখ করায় পোলাপান রাগ করে হয়তো তাকে ধমক টমক দিয়েছে। চুল কর্তনের বিষয়ে আমি জানিনা। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা হয়ে যাবে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ করিম বলেন, একজন এসআইকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *