ঢালিউড তারকা দম্পতি অনন্ত জলিল ও খাদিজা পারভীন বর্ষা বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। মঙ্গলবার (১৭ মে) থেকে সেখানে শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৫তম আসর।
সেখানে প্রদর্শন হবে এই তারকা জুটির মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেইলার।
এই উৎসবে অনন্ত-বর্ষার সঙ্গে দেখা হয়েছে বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে। সেই ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন অনন্ত নিজেই।
ফ্রান্সের একটি রেস্তোরাঁয় তাদের সঙ্গে দেখা হয়েছে বলে জানিয়েছেন অনন্ত-বর্ষা। এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, ‘একই রেস্তোরাঁয় আমরা বসেছিলাম, আড্ডা মারছিলাম। তখন জানতে চেয়েছিল, তোমরা কোথা থেকে এসেছ? বললাম, বাংলাদেশ থেকে এসেছি। তখন ওরা জানতে চাইল, এখানে কোনও কারণে এসেছি কি না। তখন বলেছি, আমরাও বাংলাদেশের চলচ্চিত্র তারকা।’
তিনি আরো বলেন, ‘এরপর তারা জানতে চাইল, তোমরা কী ধরনের সিনেমা নির্মাণ করো। তারপর আমাদের সিনেমার ক্লিপস দেখতে চাইল। ইরানি সিনেমার (দিন : দ্য ডে) ট্রেইলার দেখালাম অভিষেক-ঐশ্বরিয়াকে। বলল, এটাকে বাংলাদেশি সিনেমা মনে হচ্ছে না, আমেরিকান সিনেমার মতো… বলিউড সিনেমার মতোই। বলেছি, ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য। ’
এই অভিনেতা আরো জানান, এরপর ঐশ্বরিয়া রাই বচ্চন নিজে থেকেই সেলফি তুলেছেন বর্ষার সঙ্গে।
উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্মে’ বিভাগে বাংলাদেশের ‘দিন : দ্য ডে’ ও ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার ট্রেইলার প্রদর্শনের কথা রয়েছে।
২০০২ সালে প্রথমবারের মতো কানের লাল গালিচায় হেঁটেছিলেন ঐশ্বরিয়া; এবারের যাত্রায় স্বামী অভিষেক বচ্চন ছাড়াও মেয়ে আরাধ্যকেও নিয়েছেন ঐশ্বরিয়া রাই।
কানের মার্শে দ্যু ফিল্মে ১৯ জুন ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেইলার দেখানো হবে বলে জানান অনন্ত জলিল।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা।
সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।
অনন্ত জলিল জানান, কোরবানী ঈদে সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায়ও জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।
