নজর২৪, ঢাকা- এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও বিএনপিকে রাজপথের রাজনীতিতে খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
আজ শনিবার সকালে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যাগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনের সময় তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।
তিনি বলেন, ১৯৭৫ সালের খুনি ও এর মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়াভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবেই।
নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।
