পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

নজর২৪ ডেস্ক- এক পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে ফাতেমা আক্তার বিউটি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনায় রূপসা থানায় দু’টি মামলা হয়েছে।

 

এদিকে পুলিশ কনস্টেবলকে মারধর করছেন, সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যায়, টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন বিউটি। এবং সেতুর সিকিউরিটি গার্ডকে ধাক্কা দেন। সিকিউরিটি গার্ড সেতুতে দায়িত্বরত পুলিশকে ডাকেন। কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গে বিউটির বাক-বিতণ্ডা চলে। একপর্যায়ে সাইদুরকেও ধাক্কা দেন এবং মারধর করেন বিউটি।

 

রুপসা থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ফাতেমা আক্তার বিউটি, তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দুটি মোটরসাইকেলযোগে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। তারা টোলপ্লাজায় সিরিয়াল ভঙ্গ করে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সাথে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সাথে বাকবিতণ্ডা হয় এবং ওই চারজন তাকে মারধর করেন। টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে ফাতেমা আক্তার বিউটিকে আটক করে।

 

রুপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় রাত ১১টায় পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *