জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। যদিও এখন নায়কোচিত রূপে তাকে রূপালি পর্দায় দেখা যায় না। তবে সংসার ও ব্যবসার পাশাপাশি সিনেমার সঙ্গেই জড়িয়ে আছেন।
তবে গতকাল সোমবার রিয়াজ খবরের শিরোনাম হয়েছেন বিশাল আকৃতির কাতল মাছ শিকার করে। ঢাকাই সিনেমার এই নায়ক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সেই ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, বড়শিতে বিশাল আকৃতির একটি কাতল মাছ দুই হাতে শক্ত ধরে আছেন তিনি।
পোস্ট করা ছবির ক্যাপশনে রিয়াজ লিখেছেন, ‘আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল।
‘কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙায় তোলেন।’
রিয়াজের মাছ শিকারে সঙ্গী হয়েছিলেন স্ত্রী-কন্যা। রিয়াজ আরও লেখেন, ‘প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল। ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেয়ার জন্য। আর ওজন? আমি নিজেই বাঁকা হয়ে আছি।’
কিন্তু তার এই মাছ ধরা নিয়ে নেটদুনিয়ায় চলছে হাসিঠাট্টা। রিয়াজের ফেসবুক ছাড়াও ‘মৎস্য শিকারি’ কেন্দ্রীক গ্রুপগুলোতে যার প্রমাণ মেলে। কেউ আবার বিষয়টি নিয়ে মজার ভিডিও তৈরি করেছেন। বড়শিতে এতো বড় ও ওজনের মাছ ধরা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।
চিত্রনায়ক রিয়াজের ফেসবুকে প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে মানিক সরকার নামে একজন লিখেছেন, ‘নায়ক হিসেবে আপনাকে পছন্দ করি। রাজনৈতিক হিসেবে নয়।’
মো. আলি লাকসাম নামে একজন লিখেছেন, ‘আমাগো তৈলাক্ত রিয়াজুদ্দিন মাছটা মনে হয় সিংগাপুরে পাইছে।’
গাজী এম এ হাসেম লিখেছেন, ‘বাংলাদেশে এত বড় মাছ ধরা সম্ভব না কিন্ত সিঙ্গাপুরে হওয়ার কারণে এত বড় মাছ ধরতে পেরেছেন রিয়াজ ভাই।’
আনোয়ার হোসেন লিখেছেন, ‘দেখে মনে হয় ইউরোপের কাতলা মাছ।’
কাজী নাঈম লিখেছেন, ‘বাংলাদেশ যে ইউরোপ-আমেরিকা হয়ে গেছে এটা তারই প্রমাণ। এত বড় কাতল ইউরোপ আমেরিকায়ও নেই।’ -এমন অসংখ্য হাস্যকর মন্তব্য রয়েছে রিয়াজের ফেসবুকেই।
অন্যদিকে, ফেসবুকে মৎস্য শিকারি কেন্দ্রীক গ্রুপগুলোতেও চলছে নানা হাস্যরসের কথাবার্তা।
শাইফুল ইসলাম সাইফ লিখেছেন, ‘দেখে যেন মনে হচ্ছে ইউরোপের পুকুর।’
আজাদ ইসলাম লিখেছেন, ‘সিঙ্গাপুরের (চট্টগ্রাম) রাস্তায় বর্ষার পানিতে পেয়েছে।’
মিনহাজুল আবেদিন হাসিব লিখেছেন, ‘আকিবের চার, টোপের কৌশলী বিজ্ঞাপন।’
রিয়াজের বিশাল আকৃতির কাতল মাছ শিকার করা নিয়ে তৈরি হয়েছে ভিডিওও। তাতে আছে হাস্যকর নানা কথাবার্তা।
