নবীগঞ্জে বাস চাপায় প্রাণ গেল দু’জনের

এম. এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাস চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০) ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।

পুলিশ জানায়- সিএনজি অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম। পথিমধ্যে রোকনপুর বাজারে পৌছা মাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো (ব ১৫-৭৫৫১) যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পিছন দিক থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী ও যাত্রী নুরেয়া বেগম নিহত হন। এসময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *