নতুন প্রেমে মজেছেন রাখি, বিএমডব্লিউ উপহার দিলো প্রেমিক

ফের বসন্ত এসেছে বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্তের জীবনে। আদিল খান দুরানি নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি বিশেষ মানুষের সঙ্গে ধরা দিয়েছিলেন ক্যামেরায়। জানিয়েছিলেন, আদিলের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছেন অভিনেত্রী।

রাখির প্রেমিক কী করেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ইতোমধ্যে প্রেমিকাকে বিএমডব্লিউ কিনে দিয়েছেন তিনি।

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে প্রেমিক আদিলকে প্রকাশ্যে আনেন রাখি। ভিডিও কলে দেখিয়ে আদিলের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। শুধু তাই নয়! সবার সামনে ভিডিও কলেই চুমুও খেয়েছিলেন তিনি।

পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময়ে রাখি জানালেন, তিনি প্রেম করছেন আদিলের সঙ্গে। আদিল আর তাঁর বোন মিলে রাখিকে দামি গাড়ি উপহার দিয়েছেন।

রাখির কথায়, ‘‘আদিল চাইত না, আমি ছোট গাড়ি করে ঘুরি। তাই আমাকে বড় গাড়ি উপহার দিয়েছে আমার প্রিয় মানুষ।’’ অভিনেত্রীর কথাতেই জানা যায়, আদিলের গাড়ির ব্যবসা আছে।

আদিলও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তিনি বললেন, ‘‘রাখি খুবই ভাল মেয়ে। এবং একেবারে মাটির মানুষ।’’ তাতে লজ্জায় লাল হয়ে উঠলেন রাখি।

বিভিন্ন সময় নানা কাণ্ডের মধ্যে দিয়ে খবরের শিরোনামে উঠে আসেন রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই বিয়ে বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছিলেন তিনি। এবার ফের সম্পর্কের জেরেই তিনি খবরের শিরোনামে।

কয়েক মাস আগেই বিয়ে করেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু স্বামীর পরিচয় সামনে আনেননি। এরপর বিগ বসের মঞ্চে সবাইকে পরিচয় করান স্বামী রীতেশের সঙ্গে। বিগ বসের ঘরেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তার কিছুদিন পরই সম্পর্কে ইতি টানেন।

স্পষ্ট, পুরনো জীবন পিছনে ফেলে, রীতেশের নামের ট্যাটু মুছে নতুন প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *