দেশের অডিও গানে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তিনি। একের পর এক সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছেন। খুব কম সংগীতশিল্পী আছেন, যাদের কণ্ঠ শুনেই যেকোনো মানুষ চিনে ফেলে। তিনি তাদের অন্যতম।
ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন বাংলা গানের যুবরাজ। হ্যাঁ, তিনি আসিফ আকবর। দেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর জীবনীগ্রন্থ প্রকাশিত হয়েছে। যেটার নাম ‘আকবর ফিফটি নট আউট’।
শনিবার (১৪ মে) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
কয়েকদিন আগেই বইটি ঘিরে আলোচনা-সমালোচনা ঝড় বয়ে গেছে। বইতে দু’জন কিংবদন্তি শিল্পীর মাদকাসক্তির বিষয় রয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসিফ।
বইতে মাদক, নেশা এসব বিষয় কী ভাইরাল হওয়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে? সঞ্চালকের এমন প্রশ্ন শুনে আসিফ বলেন, ”আমি ভাইরালের বাবা, দাদা। এক ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে।”
এ সময় সংগীতাঙ্গনের খ্যাতনামা অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আছেন- গীতিকার গোলাম মোর্শেদ, গায়িকা ফাহমিদা নবী, সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু, গায়িকা আলম আরা মিনু, গায়ক সোহেল মেহেদী, কাজী শুভ, মুহিন মোহাম্মদ মিলন প্রমুখ।
প্রসঙ্গত, সাহস প্রকাশনী থেকে প্রকাশিত ‘আকবর ফিফটি নট আউট’ বইটি লিখেছেন সোহেল অটল। বইটির বিক্রয়মূল্য ধরা হয়েছে ৪৫০ টাকা।





