সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) তিনি পরলোকগমন করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাটস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। কখন ও কীভাবে প্রেসিডেন্টর মৃত্যু হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত। মন্ত্রণালয়সহ সব ধরনের অফিস বন্ধ থাকবে তিনদিন।
শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। যে কারণে দীর্ঘদিন ধরে সরকারি কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন তিনি।
প্রেসিডেন্টের মৃত্যুতে তার ভাই ও আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার উত্তরসূরীর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেওয়া হয়নি।
২০০৪ সালে আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মৃত্যুর পর তার ছেলে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান প্রেসিডেন্টের দায়িত্ব নেন। এর এক দশক পর তিনি স্ট্রোকের শিকার হন, তখন থেকেই তাকে জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারটির নাম প্রয়াত শাসকের নামে বুর্জ খলিফা রাখা হয়। শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট এবং আবু ধাবির ১৬তম শাসক ছিলেন।
