কাল আদালতে যাবেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার স্বাক্ষ্যগ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ মে)। এদিন আদালতে যাবেন তিনি।

এর আগে গত ২৮ মার্চ মাদক মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন পরীমণি। পরদিন ২৯ মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু সেদিন পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এসময় অন্য দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া আসামি পক্ষের আইনজীবী আপিল ডিভিশনের আবেদনের কপি আদালতে দাখিল করেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেন।

এর আগে ১ মার্চ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর ৮ মার্চ পরীমণির মাদক মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেয়। গত ৫ জানুয়ারি এ মামলা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

গত বছরের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।

পরীমনির বিরুদ্ধে মামলার দুই মাসের মাথায় ২০২১ সালের ৪ অক্টোবর আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, পরীমনির বাসা থেকে জব্দ মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। ২০২১ সালের ৩০ জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয়। মামলার দুই আসামি আশরাফুল ও কবিরের মাধ্যমে পরীমনি বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় মজুত রেখেছিলেন। মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরীমনি তাঁর গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *