শুটিং থেকে বিরতিতে আছেন অনেকদিন। মা হওয়ার সময়টাতে কোনো ঝুঁকি নিতে চান না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। স্বামী অভিনেতা শরিফুল রাজ ও নানাকে নিয়ে ঈদ কাটাতে গেছেন কক্সবাজার। সেখান থেকে পোস্ট করছেন নানা রকম ছবি।
বিয়ের পর এটাই তাদের প্রথম অবকাশ যাপন পরী ও রাজ। তাই এ ভ্রমণকে হানিমুন বললেও ভুল হবে না। কক্সবাজার যাওয়ার পর থেকে প্রতিদিনই রোম্যান্টিক ছবি শেয়ার করছেন তারা। সঙ্গে জুড়ে দিচ্ছেন ভালোবাসা মাখানো শব্দমালা।
বুধবার (১১ মে) নতুন ফটোশুটের কয়েকটি ছবি আপলোড করেছেন চিত্রনায়িকা পরীমনি।
যেখানে দেখা যায়, সৈকতে থাকা একটি নৌকার পাশে দাঁড়িয়ে আছেন রাজ-পরী। দু’জনের গায়ে একই নকশার শার্ট। রাজ পরেছেন সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস। একে-অপরকে প্রেমময় ভঙ্গিমায় জড়িয়ে আছেন।
সেখানে ক্যাপশনে পরীমনি জানিয়েছেন, জীবনে রাজকে পেয়ে ভাগ্যবান তিনি। কারণ রাজ একজন উপযুক্ত সঙ্গী। পরীমনি লিখেছেন, ‘আমি ভাগ্যবান, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’
দুই ঘণ্টায় পরীর সেই পোস্টে ৭৩ হাজার নেটজনতা রিয়্যাক্ট দিয়েছেন। তবে কমেন্ট বক্স বন্ধ রেখেছেন নায়িকা।
এর আগে নিজের উন্মুক্ত বেবিবাম্পসহ ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, সমুদ্রপাড়ে রাজ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। সেই পোস্টেও মন্তব্য করার উপায় নেই। কারণ, পরী কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন। নেটজনতার বিরূপ মন্তব্য ঠেকাতেই এমন পন্থা বেছে নেন তিনি। তবে তার সেই ছবি নিয়ে নেটমাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি। কেউ কেউ তার সাহসের প্রশংসা করলেও বেশির ভাগই কড়া সমালোচনা করেছেন।
