সুন্দর সময় পার করছি: সালমা

জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এবারের ঈদটি নিজের মতো করে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। পাশাপাশি এই ঈদে প্রকাশ হয়েছে তার একাধিক গানও। তাই সব মিলিয়ে এবারের ঈদ বেশ ভালো গেছে এ শিল্পী।

সব মিলিয়ে দিনকাল কেমন যাচ্ছে? সালমা বলেন, ঈদের আগে টানা ব্যস্ততায় গেছে সময়। রেকর্ডিং ও শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। যার কারণে পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারের সঙ্গে দুর্দান্ত ঈদ কেটেছে এবার। অনেক দিন পর নিজেকে ও পরিবারকে সময় দিতে পেরেছি ভালোভাবে। এখনও ঈদের আমেজ কাটেনি, আমরাও সুন্দর সময় পার করছি।

ঈদে তো বেশ কিছু গানও প্রকাশ হয়েছে? এ গায়িকা বলেন, কয়েকটি গান প্রকাশ হয়েছে বিভিন্ন ব্যানার থেকে। এরমধ্যে ‘তুমি প্রেম ও ফুল’, ‘কেমন মরদরে’, ‘তোমার প্রেমে জাদু আছে’, ‘যে পুড়েছে তোমার রূপে’, ‘রঙিলা সাগোই’সহ বেশ কিছু গান ঈদে এসেছে। প্রতিটি গান থেকেই শ্রোতাদের সাড়া পাচ্ছি। তবে গানগুলোকে আরও সময় দিতে হবে। সময়ের সঙ্গে এগুলো আরও ভালো অবস্থানে যাবে বলেই আমার বিশ্বাস।

এখন গানের অবস্থা কেমন মনে হচ্ছে? উত্তরে সালমা বলেন, গানের অবস্থা এখন মোটামুটি ভালো। করোনার ধাক্কা সামলে আমরা এখন কাজ করছি। গত দুই বছর ঈদে গান প্রকাশ হয়েছে বেশ কম। এবারের ঈদে উল্লেখযোগ্য সংখ্যক গান প্রকাশ হয়েছে। অনেক সিনিয়র শিল্পীরাও গান বের করেছেন। আর এ প্রজন্মের শিল্পীরাতো করেছেনই। সব মিলিয়ে আমার মনে হয় সামনে আরও ভালো অবস্থানে যাবে গানের অবস্থা।

তাছাড়া শো শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘ সময় শো বন্ধ ছিল। শিল্পী-মিউজিশিয়ানরা বিপাকে ছিলেন এ কারণে। তবে এ বছর শো এর অবস্থা ভালো। আশা করছি পুরো বছরটি এভাবেই ভালোভাবে যাবে।

প্লেব্যাকের কি অবস্থা? এ গায়িকার উত্তর- সম্প্রতি আমার একটি সিনেমার গান প্রকাশ হয়েছে। ‘কথা দিলাম’ ছবির এ গানের শিরোনাম ‘মনের দামে মন’। জসিম উদ্দিন আকাশের কথায় এ গানটির কম্পোজিশন করেছেন এসকে শানু। আর এতে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা কেয়া ও জামশেদ। গানটি থেকে ইতিবাচক সাড়া মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *