ঈদুল ফিতরে মুক্তি পায় এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র ‘গলুই’। শাকিব খান ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি সারা দেশের ২৮ টি সিনেমা হলে মুক্তি পায়। এদিকে সিনেমাটির শুটিং হয়েছিল জামালপুরের বিভিন্ন এলাকায়। শুটিং দেখতে ভিড় জমিয়েছিলেন লাখো মানুষ। স্বাভাবিকভাবেই সিনেমাটি দেখার জন্য উদ্গ্রীব ছিলেন জামালপুরের সিনেমাপ্রেমীরা।
তবে জামালপুরের মেলান্দহ উপজেলার আশা সিনেমা হল ব্যতীত অন্য কোথাও কোনো হল না থাকায় ছবিটির পরিচালক এস এ হক অলিক অডিটোরিয়ামে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেন।
সিনেমাটি দেখতে জামালপুরের সর্বস্তরের মানুষ যখন ভিড় জমাচ্ছিলেন তখনই শোনা গেল অডিটরিয়ামগুলোতে ছবিটির প্রদর্শনী বন্ধের নির্দেশনা দিয়েছেন জামালপুরের ডিসি মোরশেদা জামান।
নির্মাতা এসএ হক অলিক বলেন, ‘যেহেতু জামালপুরে কোনো সিনেমা হল নেই, তাই আমরা সিনেমাটি মুক্তির জন্য প্রথমে শিল্পকলা একাডেমিকে বেছে নিয়েছিলাম। একাডেমির দায়িত্বে থাকা ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ছবিটি চালানোর ব্যবস্থা করি। এরপর চাঁদ রাতে সেখানকার ডিসি এটি প্রদর্শনীতে বাঁধা দেয়। আমরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ছবিটি চালানোর ব্যবস্থা করি। আর বিষয়টি নিয়ে ডিসির সঙ্গেও কথা বলি এবং ছবিটি চালানোর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করি।’
তিনি আরও বলেন, ‘কিন্তু গত ৫ তারিখে এসে তিনি আবার ছবিটি বন্ধ করে দেন। তখন ১৯১৮ সালের একটি আইন আমাদের সামনে তুলে ধরেন এবং শো বন্ধ করে দেওয়ার হুকুমও দেন। কোনো উপায় না দেখে গত দুদিনের শো’র বিক্রির টিকিট দর্শকদের ফিরিয়ে দিয়েছি।’
অলিক আক্ষেপ নিয়ে বলেন, ‘এটি সরকারি অনুদানের একটি ছবি। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়ন ও সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্যই তিনি এই অনুদান দিয়ে থাকেন। তথ্য মন্ত্রণালয়ও এই বিষয়ে তদারকি করে থাকেন। সরকারি অনুদানের ছবি যদি বন্ধ করে দেওয়া হয়- তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে।’
এ বিষয়ে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান জানান, অডিটরায়ামগুলো তো আর সিনেমার হল নয়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এর প্রদর্শনের অনুমতি ছিল। অনুমতির সময় অতিক্রান্ত হওয়ায় সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য আরো একদিন প্রদর্শনের অনুমিত দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রোমান্টিক গল্পের সিনেমা ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পায়। সিনেমায় শাকিব-পূজার পাশাপাশি আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।
