ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ: ইলিয়াস কাঞ্চন

সত্তরের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানোর পর আশির দশকে ‘বংশধর’ সিনেমায় জুটি বেঁধে আলোচনায় এসেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা; পরপর কয়েকটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের পর সংবাদমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

ঢাকাই সিনেমার প্রতিষ্ঠা পেতে সংগ্রামের মধ্যেই আশির দশকে এমন গুঞ্জনের খবরে ‘ভয়’ পাওয়ার কথা জানালেন ইলিয়াস কাঞ্চন।

বন্ধু রোজিনার আমন্ত্রণে সম্প্রতি তার রাজবাড়ির বাসায় গিয়ে তাকে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন; সহকর্মী থেকে বন্ধু হয়ে ওঠলেন কবে?-এমন প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, “সাংবাদিকরা বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত করেছিল। আমি খুব লাজুক ছিলাম। যখন নিউজ হলো যে, ওর (রোজিনা) সঙ্গে আমার প্রেম চলতেছে।

“বিশ্বাস করেন, তারপর থেকে ও এই দিকে গেলে আমি ওই দিক দিয়ে যেতাম। এটা ক্ষতি হয়েছে কিন্তু। আমি আসলে অভ্যস্ত না। ভয় পেয়েছিলাম।”

গুঞ্জন নিয়ে ‘ভয়’ পাওয়ার কারণ হিসেবে নির্মাতা সুভাষ দত্তের পরামর্শের কথা সামনে এনে কাঞ্চন বলেন, “তিনি আমাকে বলেছিল, ‘খবরদার প্রেমে পড়িস না। তাহলে কিন্তু আর নায়ক হতে পারবি না’।

“যখন এটা (গুঞ্জন) লিখে দিল, তখন আমি ভাবলাম আমি বোধহয় শেষ। ওর সঙ্গে যে সমস্ত ছবির কাজ বাকি ছিল সেগুলো শেষ করতে খুব কষ্ট হয়েছিল। সেই খবরগুলো মিথ্যা ছিল।”

ইলিয়াস কাঞ্চনের সমর্থনে তার পাশে বসা রোজিনা জানালেন, সেই সময়ের খবরগুলো এমন হতো, অমুকের সঙ্গে অমুক, যাতে মানুষ পড়ে।”

‘বংশধর’ দিয়ে ইলিয়াস কাঞ্চন-রোজিনা জুটি আত্মপ্রকাশ ঘটনার পর ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ দশটির মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তারা।

একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা এখনও অটুট রয়েছে।

প্রথম সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলেন কাঞ্চন বলেন, “সত্যি কথা বলতে, রোজিনার সঙ্গে আমার এক চাচাত বোনের চেহারার মিল ছিল; ওর সঙ্গে দেখা হলে ওই বোনটার কথা মনে হয়। সে কারণেই ওর সঙ্গে সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *