সাংবাদিকরা বেশি বাড়াবাড়ি করছেন: রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে

পাবনা: রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের ঘটনা প্রকাশ হওয়ার পর গণমাধ্যমকর্মীদের ‘সরকারবিরোধী’ বলে অভিহিত করেছেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে ইমরুল কায়েস প্রান্ত।

বিনা টিকেটে ভ্রমণ করে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়া ইমরুল বলেন, গণমাধ্যমই দেশের একমাত্র বিরোধী দল।

রোববার (০৮ মে) দুপুর আড়াইটার দিকে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তার দফতরের সামনে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আকতার মনির ভাগ্নে এই মন্তব্য করেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে গণমাধ্যমকর্মীদের ফোনে বিভিন্ন প্রশ্নবাণে আমি ও আমার পরিবার বিরক্ত ও বিব্রত। আমরা সামগ্রিক বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছিলাম, অথচ সাংবাদিকরা সামান্য একটি বিষয়কে অহেতুক টানাহেঁচড়া করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা এ বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করছেন। যেটা না করলেও পারতেন। আমি যা বলার তদন্ত কমিটিকে বলেছি। আপনাদের সঙ্গে আমার কোনো কথা নেই।

রোববার দুপুর থেকে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়। তদন্ত কমিটি তলব করলে এদিন ডিসিও কার্যালয়ে হাজির হন টিটিই শফিকুল ইসলাম, গার্ড ও বিনাটিকিটধারী তিন ট্রেনযাত্রীসহ ১৪ জন।

শুরুতেই পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন ও ভুক্তভোগী টিটিই শফিকুল ইসলামের বক্তব্য নেওয়া হয়। এরপরই বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

একই সঙ্গে তদন্ত কমিটির কার্যক্রম আরও দুই দিন বাড়ানো হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও চলমান ঘটনা ছাড়াও পাকশী রেলওয়ে নানা সমস্যা নিয়ে তদন্ত করবে কমিটি। বিষয়টি জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।

রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, কর্তব্যরত টিটিইকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের বিষয়টি অধিকতর তদন্ত করতে আরও দুই দিন সময় বৃদ্ধি করা হবে।

এ সময় তিনি আরও বলেন, একই সঙ্গে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন কারো দ্বারা প্রভাবিত হয়ে যদি শফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে থাকেন তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *