চলচিত্রে আশার জায়গা দেখতে পাচ্ছেন রিয়াজ-নিপুন

চিত্রনায়ক রিয়াজ বলেছেন, করোনার কারণে দুই বছর আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই জায়গা থেকে এবারের ঈদের সিনেমাগুলো হয়তো সেই আশা পূরণ করবে- বন্ধ হওয়া কিছু নতুন সিনেমা হল হয়তো চালু হবে, মানুষ বাংলা সিনেমা দেখবে। সেই আশার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আর নায়কের এই কথার সঙ্গে সহমত পোষণ করেন অভিনেত্রী নিপুন।

প্রতি ঈদে দর্শকদের জন্য ব্যতিক্রমী অনুষ্ঠানের পসরা সাজায় ‘চ্যানেল ২৪’। এবারও ঈদকে ঘিরে পাঁচ দিনের আয়োজন সাজিয়েছে চ্যানেলটি। সেই ধারাবাহিকতায় ঈদের পঞ্চম দিন ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানে হাজির হন রিয়াজ ও নিপুন।

অনুষ্ঠানের শুরুতে অভিনেত্রী নিপুন ঈদের ব্যস্ততার বিষয়ে বলেন, এবার ঈদে অনেক কাজ ছিল। এখন বাসায় আছি। ঈদের সিনেমা দেখছি। ভালো ভালো খাবার খাচ্ছি।

এদিকে অভিনেতা রিয়াজ বলেন, আমার ঈদ খুব ভালো যাচ্ছে। অনেক লোকজন বাসায় আসছে, আমরাও যাচ্ছি। এতদিন যেতে পারিনি। এখন ঢাকা শহর একদম ফাঁকা। খুবই মজা লাগছে।

এই অভিনেতা বলেন, এবারের ঈদ আমাদের দু’জনের কাছেই স্পেশাল। কারণ, এর আগে করোনার দুই বছরে আমরা অনেক ক্ষতিগ্রস্তও হয়েছি। সেই জায়গা থেকে এবারের ঈদের সিনেমাগুলো হয়তো সেই আশা পূরণ করবে- বন্ধ হয়ে যাওয়া কিছু নতুন হল হয়তো চালু হবে, মানুষ সিনেমা দেখতে আসবে, বাংলা সিনেমা দেখবে। সেই আশার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আর নায়কের এই কথার সঙ্গে সহমত পোষণ করেন নিপুন।

ঈদকে কেন্দ্র করে এবার চারটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের সিনেমা হলগুলোয়। তবে একটা সময় ঈদে সিনেমা মুক্তির হিড়িক পড়তো। এ প্রসঙ্গে রিয়াজ বলেন, আমরা চাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক এবং ভালো কিছু হোক। এখন সেই সুযোগটা আসছে। কেননা, এখন মিডিয়া বড় হচ্ছে। আমরা সহজেই বিশ্ব মার্কেটে যেতে পারছি। এখন অনেক ডিভাইস, অ্যাপ, প্ল্যাটফর্ম আছে। আমরা এখন পার্শ্ববর্তী দেশের এবং অন্যসব দেশের সিনেমা দেখছি। সেখানে আমাদের নিজেদের উন্নয়ন করার সময় এখন, উন্নয়ন করছি। ঈদে দু-একটা সিনেমার ট্রেলার দেখলাম। আমার কাছে মনে হয়েছে, সেই উন্নয়নের কারণে নতুনত্ব কিছু করার চেষ্টা আছে।

নিপুন বলেন, ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরও সাপোর্ট দিতে হবে। আমরা এটা করছি। আমরা ঈদের সিনেমাগুলোর প্রমোশন করছি। আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা নিজস্ব ফ্যানপেজ, ফেসবুক যেখান থেকে যেভাবে প্রমোশন করার করছি আমরা। আমার মনে হয়, আমরা নিজেরাই যদি প্রমোশনগুলো না করি তাহলে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে। সবাইকে মিলে এখন কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *