বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আজ পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক।

নামাজ শেষে দীর্ঘ দুই বছর পর সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।

নামাজ আদায়ের জন্য ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভোর সাড়ে ৫টা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। ২ বছর পর এবার তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। এবার স্বাস্থ্য সংক্রান্ত কোন বিধিনিষেধ না থাকলেও মসজিদের প্রবেশ করা অনেকের মুখেই মাস্ক দেখা যায়।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।

এছাড়া মোনাজাতে সব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া হয়েছে। সব মৃত ব্যক্তির কবরের আজাব মাফ চাওয়া হয়েছে। যে কোনো বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য প্রার্থনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *