এবারের ঈদুল ফিতর নায়িকা ইয়ামিন হক ববির জন্য ভীষণ আনন্দের। কারণ দুই বছর পর ঢাকায় মা ও ছোট বোনের সঙ্গে ঈদ করবেন এই নায়িকা। সম্প্রতি তার মা ও বোন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন।
ঈদে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে তাকে। ‘সুরভী’ নামের ফিকশনটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি। কথাসাহিত্য ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে তৈরি হয়েছে এটি। নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। ঈদের ষষ্ঠ দিন এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে।
ববি সংবাদমাধ্যমকে বলেন, এবারের রোজা বেশ রাশ গেলো। কারণ বাসায় ঠিকভাবে ইফতার পর্যন্ত করতে পারিনি। বেশির ভাগ দিনই শুটিং করতে হয়েছে। ঈদে দর্শকরা আমাকে এসএটিভির একটি অনুষ্ঠানেও দেখতে পাবেন। যদিও আরও কয়েকটি চ্যানেলে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু শুটিং এর জন্য অনুষ্ঠানগুলোতে যোগ দিতে পারিনি। এছাড়া ঈদে জিটিভিতে আমার অভিনীত ও প্রযোজিত সুপার হিরোইন ছবি বিজলীও উপভোগ করতে পারবেন দর্শকরা।
ঈদের দিন কীভাবে কাটবে জবাবে ববি বলেন, খুব সকালে ঘুম থেকে উঠবো। এরপর চটপটি ও গরুর মাংস রান্না করবো। মা, বোন ও পরিবারের মানুষরা আমার এই রান্না দুটি খুব পছন্দ করেন। আমি খুব ভালো চটপটি রান্না করতে পারি। মূলত মেহমানদের আপ্যায়ন করেই ঈদের দিনের পুরো সময়টা কাটবে।
